মতলব উত্তরে ৪৮ পিস ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার : পৃথক অভিযানে আটক-৪

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিব বেপারী (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সাকিব উপজেলার কলাকান্দা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম হানিরপাড় এলাকার বেপারী বাড়ির মাঈনউদ্দিন বেপারীর ছেলে। একই অভিযানে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার কলাকান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শোভা চেয়ারম্যানের বাড়ির পাশে মনিরের তেলের দোকানের সামনে সড়ক থেকে সাকিব বেপারীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁর কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মতলব উত্তর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদেরও আটক করা হয়।

এসব অভিযানে সর্বমোট পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মতলব উত্তর থানার পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

সম্পর্কিত খবর