
মাসুদ হোসেন : শিক্ষার মানোন্নয়ন, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবকদের মতবিনিময়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মজিবুর রহমান মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, সন্তানদের উন্নত, শিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের, বিশেষ করে মায়েদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে। শুধু শিক্ষকদের ওপর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না। বাবা-মায়ের পরেই শিক্ষকের অবস্থান। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফর গাজীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুবদল নেতা এমরান হোসেন মিরু, জাফর খান, স্বেচ্ছাসেবক দল নেতা মনির হোসেন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
অনুষ্ঠানের শেষপর্বে উক্ত বিদ্যালয় থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এবং ২০২৫ সালে জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি শিক্ষা উন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।




