ফরিদগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ

এস. এম. ইকবাল, ফরিদগঞ্জ : চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

এতে আশপাশের বসতবাড়ি, ফলজ ও বনজ বাগান এবং কৃষিজমি ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ড্রেজার মেশিনটি বন্ধে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফরিদগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরকুমিরা গ্রামের মোহাব্বত আলী হাজী বাড়ির খলিফা বাড়িসংলগ্ন একটি কৃষিজমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন করা হলে আশপাশের জমি ও বসতবাড়ি ঝুঁকিতে পড়তে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বালু উত্তোলনের জন্য ড্রেজার ব্যবহারের কারণে আশপাশের মাটি সরে গিয়ে বসতবাড়ি ও বাগান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত ড্রেজার মেশিনটি বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ চান তাঁরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, প্রভাবশালী একটি মহলের ইন্ধনে ড্রেজারটি পরিচালনা করা হচ্ছে। তাঁদের দাবি, প্রভাবশালী হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আইন ও প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করছেন।

তবে ড্রেজার পরিচালনাকারী মো. বকুল অভিযোগ অস্বীকার করে বলেন, ড্রেজার পরিচালনার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, ‘মৌখিক অনুমতি বলতে কিছু নেই। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

সম্পর্কিত খবর