চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

আহম্মদ উল্লাহ : চাঁদপুরের পালবাজার ও কুমিল্লা রোড এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ‘হাইড্রোজ’ ও ক্ষতিকর রং ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির অপরাধে পালবাজারের মানিক হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের বিভ্রান্ত করা, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পণ্যের খালি প্যাকেট অফিসে সংরক্ষণ এবং নিম্নমানের পণ্য বিক্রয়ের অপরাধে এইচ. এম.সি.এল (এমএলএম কোম্পানি) নামের প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করে।

এ সময় বিভিন্ন ব্র্যান্ডের খালি প্যাকেট ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে অনিয়ম নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সম্পর্কিত খবর