৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবিতে মা সমাবেশ অনুষ্ঠিত

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ভর্তিযোগ্য শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি, নিয়মিত উপস্থিতি, ঝরেপড়া রোধ, ১০০% পাশ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৮সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্য বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী বলেন, মা সমাবেশে অধিকসংখ্যক মায়েরা উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানাচ্ছি।এ বিদ্যালয়টি অত্র এলাকায় প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এ টি আহমেদ হোসাইন রুশদী জমি দিয়ে শাহতলীতে ১৯৬০ সালে এ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। আমরা সকলে চাই মানসম্মত শিক্ষা৷ শিক্ষার মান উন্নয়নে মাসিক, সাপ্তাহিক পরীক্ষা নিতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মান যাছাই করা যাবে। দুর্বল শিক্ষার্থীদের সনাক্ত করে আলাদাভাবে টিচিং দিতে হবে, যাতে তারা ভালো ফলাফল অর্জন করতে পারে।

তিনি বলেন, যারা ফেল করবে তাদের উপরের ক্লাসে উঠানো যাবে না। নিয়মিত মডেল টেস্ট পরীক্ষার ব্যবস্থা নিতে হবে। আমরা চাই শিক্ষার্থীরা শতভাগ পাস করুক। আমরা এ প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করতে চাই। এজন্য শিক্ষকগণ শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পড়াশোনার খোঁজখবর নিতে হবে।যারা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকবে এবং ভালো ফলাফল করবে, তাদের পুরস্কৃত করা হবে। একই ভাবে যেসব বিষয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে, সেসব বিষয়ের শিক্ষকদেরও পুরস্কৃত করা হবে। পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হবে।

তিনি আরো বলেন, একজন মা হলেন সন্তানের জীবনের প্রথম শিক্ষক। শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করার আগেই মায়ের কাছ থেকে ভাষা, আচরণ ও প্রাথমিক জ্ঞান লাভ করে। সন্তানের মধ্যে সততা, নৈতিকতা, মানবিকতা এবং ধর্মীয় মূল্যবোধের মতো গুণাবলি গড়ে তুলতে মায়েদের ভূমিকাই প্রধান। প্রাথমিক বা মৌলিক শিক্ষার মূল ভিত্তিটি তৈরি হয় মায়ের হাত ধরেই। মা সচেতন হলে সন্তানের পড়াশোনার মান উন্নত হয় এবং সে ঝরে পড়া থেকে রক্ষা পায়। তাই মায়েদের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছেন।মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ শিক্ষা নিশ্চিত করার জন্য মিড-ডে মিল চালু করেছেন। শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তির ব্যবস্থা করেছেন। চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক শিক্ষার উন্নয়নে নজর দিয়েছেন৷ তিনি শিক্ষার উন্নয়নে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।

এসময় আরো বক্তব্য রাখেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসা: রুবিনা আক্তার, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষিকা মোহসেনা আক্তার, সহকারি শিক্ষিকা রুকাইয়া খাতুন, তানজিনা খানম, তানিয়া আক্তার, অভিভাবক সদস্য হাসান মুন্সি, এলাহী মিজি, অভিভাবক জোহরা আক্তার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চতুর্থ শ্রেনির শিক্ষার্থী আবরার ফাইয়াজ।

সম্পর্কিত খবর