শিল্প খাতের চ্যালেঞ্জ সত্ত্বেও দেশে কর্মসংস্থান বাড়ছে : সংসদে চাঁদপুর-৩ আসনের এমপি

চাঁদপুর খবর রিপোর্ট : দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বিদ্যমান শিল্প-কারখানা টিকিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় সংসদে দেওয়া এক বক্তৃতায় তিনি এ দাবি জানান।

সংসদ সদস্য বলেন, শিল্প ও কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে একটি মহল বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। বাস্তবে চ্যালেঞ্জ থাকলেও দেশে নতুন শিল্প-কারখানা গড়ে উঠছে এবং নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে।

বিজিএমইএর তথ্যের বরাত দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে ৫৩টি নতুন তৈরি পোশাক কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। এসব কারখানায় ২৪ হাজার ২১ জনের কর্মসংস্থান হয়েছে। একই সময়ে ১৫ থেকে ২০ বছরের পুরোনো ৩১টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ১৬ হাজার ৭৩৯ জন কাজ হারিয়েছেন। তবে সার্বিকভাবে নতুন কর্মসংস্থানের সুযোগই বেশি তৈরি হচ্ছে।

তিনি উল্লেখ করেন, তৈরি পোশাক খাতের পাশাপাশি কৃষি, মৎস্য, গবাদিপশু পালন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ফ্রিল্যান্সিংয়ে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বক্তৃতায় চাঁদপুর-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, নতুন উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সহজ শর্তে ঋণ, প্রণোদনা, কর ছাড়, বিদ্যুৎ ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হলে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান আরও বহুলাংশে বাড়ানো সম্ভব।

একই সঙ্গে যেসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলোর নেপথ্যের কারণ চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়ারও জোর দাবি জানান তিনি। এতে সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার পাশাপাশি বিদ্যমান কর্মসংস্থানও রক্ষা করা সম্ভব হবে।

সম্পর্কিত খবর