
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের আয়োজনে ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ। তিনি বক্তব্যে বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক অনেক অপরাধের অন্যতম কারণ। বর্তমানে মাদক পরিবার, সমাজসহ সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি রয়েছে। এর সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘মাদক ব্যবসায়ী, সেবনকারী বা কারবারি—কাউকে মাদকসহ পেলে আপনারা তাকে আটক করে আমাদের খবর দেবেন। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। মাদকের বিষয়ে স্থানীয়দের জোরালো ভূমিকা রাখতে হবে।’ ওসি ফয়েজ আহমেদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের জিরো টলারেন্স নীতি রয়েছে। চাঁদপুর সদরের ১৪টি ইউনিয়নের মধ্যে লক্ষ্মীপুর ইউনিয়ন সবচেয়ে বড়। আপনাদের সবার সহযোগিতায় লক্ষ্মীপুর ইউনিয়নকে মাদকমুক্ত করা হবে।’
তিনি বলেন, ‘মসজিদের ইমামরা জুমার নামাজের খুতবা ও আলোচনায় মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক ব্যাধি সম্পর্কে আলোচনা করবেন। মাদক নির্মূলে আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন। আমাদের জনবল সংকট রয়েছে। আপনারা সবসময় আমাদের সহযোগিতা করলে মাদক, ইভটিজিংসহ সামাজিক অপরাধগুলো সমাজ থেকে দূর করা সম্ভব হবে।’
বিট পুলিশিং ও চাঁদপুর সদর মডেল থানার এসআই আবদুর রশিদের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নুরুল ইসলাম পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদৌস নূর।
বিশেষ অতিথির বক্তব্য দেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. শহীদ বেপারী, সিনিয়র সহ-সভাপতি মো. সুমন আহমেদ ভূঁইয়া, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. জাকির মৃধা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. নাছির আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মো. দাদুন মিয়া, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মৃধা, মো. ফয়েজ আহমেদ এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারী।
আলোচনা সভা শেষে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।




