মতলব উত্তরে মোবাইল ফোন কিনে না দেয়ায় কিশোরীর আত্মহনন

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মতলব উত্তরের দক্ষিণ লুধুয়া গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ফাহিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা আক্তার দক্ষিণ লুধুয়া গ্রামের সায়েদ আলী কারীর মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিমা মোবাইল ফোনে টিকটক করত। সম্প্রতি তার ব্যবহৃত মোবাইল ফোনটি নষ্ট হয়ে যায়। এরপর নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য সে বাবা-মায়ের কাছে আবদার করে। পরিবারের পক্ষ থেকে পরে মোবাইল কিনে দেওয়ার কথা জানানো হলেও তাৎক্ষণিকভাবে নতুন ফোন না পাওয়ায় সে মানসিকভাবে হতাশ হয়ে পড়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এরই মধ্যে রোববার রাতে নিজ শয়নকক্ষে ফাহিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা’র ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

সম্পর্কিত খবর