চাঁদপুরে বিডা নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির বৈঠক

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের বিভিন্ন উন্নয়ন সম্ভাবনা ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন নবগঠিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মতলব উত্তর উপজেলার মেঘনা সরোবর রিসোর্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চাঁদপুর জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, বিনিয়োগের সম্ভাবনা, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা এবং জেলার সম্ভাবনাময় খাতগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় চাঁদপুরের উন্নয়নকে আরও গতিশীল করতে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, সম্ভাবনাময় শিল্প ও পর্যটন খাতের বিকাশ এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্ল্যা সেলিম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এ. এন. জামিউল হিকমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী এবং সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী।

বৈঠকে চাঁদপুরের সার্বিক উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময় হয়।

সম্পর্কিত খবর