
স্টাফ রিপোর্টার : চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (৫৫) এক পুরুষের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শহরের ওয়াল্যাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এর আগে গত ১৩ আগস্ট শহরের ছায়াবানী এলাকায় একই ট্রেনের নিচে কাটা পড়ে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়। মাত্র ২০ দিনের ব্যবধানে প্রায় আধা কিলোমিটার দূরত্বের রেললাইনের একই এলাকায় দুটি মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ট্রেনটি শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের পশ্চিমে রেলক্রসিং অতিক্রম করার আগেই হর্ন বাজিয়ে আসছিল।
এ সময় ওই ব্যক্তি রেললাইনের মাঝখান দিয়ে হাঁটছিলেন। ট্রেনটি কাছাকাছি চলে এলেও তিনি কোনো দিকে সরে না যাওয়ায় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার শরীরের বিভিন্ন অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে কিছুক্ষণ পর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা নাজমুল জানান, পুলিশ ঘটনাস্থলে এসে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে। তবে কেউ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর বলেন, ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চাঁদপুর কার্যালয়ে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




