মাদকের বিরুদ্ধে একযোগে সোচ্চার চাঁদপুর জেলা পুলিশের সব থানা

চাঁদপুর খবর রিপোর্ট : মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুর জেলার আট থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানা, হাইমচর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি মডেল ও কচুয়া থানায় একই সময়ে এ কর্মসূচি পালিত হয়।

মাদকবিরোধী র‍্যালিতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। সভায় মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগের ওপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়ে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

চাঁদপুর জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত থাকবে। সম্মিলিত সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। ‘মাদকের বিরুদ্ধে হোক সম্মিলিত প্রতিরোধ, সুস্থ প্রজন্মের হাত ধরেই গড়ে উঠুক মাদকমুক্ত সমাজ।’

সম্পর্কিত খবর