ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে এসে নেতার আকস্মিক মৃত্যু

এস. এম ইকবাল, ফরিদগঞ্জ : চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে এসে আকস্মিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মো. সেলিম (৫৫) নামের এক স্থানীয় বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

মো. সেলিম উপজেলার কালিরবাজার এলাকার ব্যবসায়ী এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিল ও সমাবেশে অংশ নিতে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যান সেলিম। কর্মসূচি চলাকালে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন।

পরে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি তীব্র হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

এদিকে স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. সেলিমের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী, ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পর্কিত খবর