শাহমাহমুদপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজিতে চাল বিক্রি

মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি এলাকায় নিম্নআয়ের মানুষের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রি করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে স্থানীয়ভাবে এ চাল বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির আওতায় ৫০০ জন নিম্নআয়ের মানুষকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। এতে প্রত্যেক পরিবার ৪৫০ টাকায় ৩০ কেজি চাল কেনার সুযোগ পান।

স্থানীয়রা জানান, বাজারদরের তুলনায় কম দামে চাল পাওয়ায় নিম্নআয়ের মানুষের জন্য কর্মসূচিটি স্বস্তি এনেছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের সময়ে এ ধরনের সরকারি সহায়তা তাদের সংসারের ব্যয় সামলাতে কিছুটা সহায়ক হচ্ছে। চাল বিক্রয় কার্যক্রম পরিচালনা করেন স্থানীয় ডিলার মো. মাহাবুব গাজী। কর্মসূচিতে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. খাইরুল বাশার।

এ সময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের কাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মজিব কারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্নআয়ের মানুষের কাছে নির্ধারিত মূল্যে চাল পৌঁছে দেওয়ার এ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

এছাড়াও এদিন ইউনিয়নের জাফরবাড়ি এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করা হয়েছে। চাল বিক্রয় কার্যক্রম পরিচালনা করেন স্থানীয় ডিলার মোঃ কামাল হাওলাদার। কর্মসূচির আওতায় নিম্নআয়ের মানুষের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়। এতে প্রত্যেক পরিবার ৪৫০ টাকায় ৩০ কেজি চাল কেনার সুযোগ পান। উক্ত চাল বিক্রিকালে সংবাদকর্মীরা থাকাবস্থায় ক্রেতা-বিক্রেতাগণের পক্ষ থেকে কারো কোন অভিযোগ পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর