দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন

চাঁদপুর খবর ডেক্স : সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়।

জানাজায় শতাধিক মানুষ অংশ নেন। এ সময় মসজিদ প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। স্বামীর জানাজায় অংশ নিতে কারাগার থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি। জানাজার সময় দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানও সেখানে দেখা যায়। জানাজা শেষে ভ্যান থেকে নেমে তিনি শেষবারের মতো স্বামী তৌফিক নেওয়াজকে দেখেন।

এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এরপর দীপু মনিকে আবার প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানেই তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ১২ ঘণ্টার প্যারোল অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে দীপু মনিকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নেওয়াজ মারা যান। তার মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নিতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।

প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাওয়া সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সিগঞ্জ জেলা কারাগারের ফটকে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ। এর আগে সকাল ৬টা ১৫ মিনিটে কঠোর নিরাপত্তায় তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রিজন ভ্যান। দুপুরে রাজধানীর গুলশান আজাদ মসজিদে তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে দীপু মনিকে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামীর দাফন সম্পন্ন হয়। দাফন শেষে বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় প্রিজন ভ্যানটি। প্রায় পৌনে তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দুই মিনিট আগে সেটি কারাগারে পৌঁছায়। দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ বুধবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে দীপু মনিকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে রাখা হয়েছে।

সম্পর্কিত খবর