
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্ধারিত সময়সূচি বাস্তবায়নে চাঁদপুরে কঠোর অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। রাত ৮টার পর শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আগের দিন সতর্ক করার পরও নির্দেশনা অমান্য করায় কয়েকটি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভম্যাজিস্ট্রেটরা। জেলা পুলিশ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহযোগিতায় স্টেডিয়াম রোড, মহসিন রোড, বিপণীবাগ, ছায়াবাণীর মোড়, চিত্রলেখার মোড়, জোড়পুকুর পাড়, মোলহেড, কালীবাড়ি, পুরাণবাজার, নতুন বাজার, পাল বাজার, ষোলঘর, ওয়্যারলেস ও বাবুরহাটসহ সংলগ্ন এলাকায় এ তদারকি চালানো হয়।
অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধী প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড প্রদান এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগের দিন যেসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছিল, তাদের মধ্যে যারা পুনরায় নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখে, পিডিবির মাধ্যমে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় স্বার্থে নির্ধারিত সময়সূচি মেনে চলতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। নির্দেশ বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়।



