চাঁদপুরে চুরি করতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে আহত যুবকের হাসপাতালে মৃত্যু

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের পেছনের একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হওয়া জুম্মান (৩৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে তার মৃত্যু হয়।

নিহত জুম্মান শহরের কয়লাঘাট এলাকার হাবিব হাওলাদারের ছেলে। স্থানীয়দের মতে, ওই যুবক চুরি করার উদ্দেশ্যে বহুতল ভবনটিতে প্রবেশ করেছিলেন। এ সময় দুর্ঘটনাবশত উপর থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। বিকট শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।

জুম্মানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপাতালে ভিড় জমান এবং তাদের কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ বিষয়ে পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর