
স্টাফ রিপোর্টার : গত ১২ আগস্ট ২০২৬ (বুধবার) হাজীগঞ্জ উপজেলার বলাখাল রামপুর বাজারে ইবনে সিনা হেলথ কেয়ারের সামনে সাংবাদিক মিজানুর রহমান রানার কাছে পাঁচ লাখ টাকা দাবি করে একদল দুর্বৃত্ত।
চাঁদা দিতে অস্বীকার করায় মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রামপুর বাজারে পাঠান মেডিকেলের সামনে সাংবাদিক মিজানুর রহমানের ওপর হামলা করা হয়। তিনি বর্তমানে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্বৃত্তদের হামলায় তার মুখ ও ঘাড়ে আঘাত পান। হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মিজানুর রহমান রানা বলেন, রামপুর মজুমদার বাড়ির রবিউল ও তার বাবা দেলোয়ার হোসেন মজুমদার রামপুর বাজারের অন্য ব্যবসায়ীদের কাছেও চাঁদা দাবি করেছিলো।
চাঁদা না দেয়ায় তাদের অনেক সাঙ্গপাঙ্গসহ গত কয়েক মাস আগে রামপুর বাজারের কয়েকটা দোকান লুটপাট করে। এরাসহ এদের আরও লোকজন এই ঘটনার সাথে জড়িত। ঘটনার পর তিন থেকে চারদিন যাবত রামপুর বাজারে আর্মি ও পুলিশ আসে এবং দু-একজনকে গ্রেফতার করে। ব্যবসায়ীরা মামলা করে। তারপর কিছুদিন চাঁদা দাবি ও লুটপাট বন্ধ ছিলো। কিন্তু গত ২ আগস্ট হঠাৎ করে এই দুজন দুর্বৃত্ত সাংবাদিক মিজানুর রহমান রানার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
তিনি বিষয়টি এড়িয়ে যান। এ কারণে গত ১৮ আগস্ট তার ওপর হামলা করে তাকে জখম করা হয়। পরদিন ১৯ আগস্ট (বুধবার) তিনি হাসপাতালে ভর্তি হন এবং চাঁদপুর আদালতে এ বিষয় নিয়ে মামলা দায়ের করেন। এলাকার লোকজন জানান, এই দুর্বৃত্ত দল গত কয়েক মাসে এলাকায় লুটপাট চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে। যারা তাদের কথামতো চাঁদা না দেয় তাদের ওপর তারা আক্রমণ করে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। তারা অত্যন্ত নিকৃষ্ট এবং নিম্নমানের লোক। সাধারণ বিষয় নিয়ে মানুষের সাথে হামলা মামলা এবং লুটপাট মারামারি করে। এদের এই অবস্থা বন্ধ হওয়া দরকার, তা না হলে রামপুর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।
এ ব্যাপারে ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সেক্রেটারি গোলাম মোস্তফা স্বপন বলেন, এরা বিএনপির কেউ নয়। আমি এদেরকে এ সমস্ত বিষয়ে কয়েকবার বারণ করেছি। কিন্তু তারা আমার কথা শুনে না। সে কারণে আমি রাতে কমিউনিটি পুলিশ মিলে বাজার পাহারার ব্যবস্থা করেছি। মিজানুর রহমান রানার সাথে তাদের এই ঘটনার জন্যে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা যায়, সাংবাদিক মিজানুর রহমান রানার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার ঘাড়ের রগ কেটে গেছে এবং মাথার এক পাশ প্রায় অবশ হয়ে গেছে। তিনি ঠিকমতো কথা বলতে পারেন না এবং চলতে পারেন না।



