
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের লঞ্চঘাট সংলগ্ন সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী পরিবারের শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের বরাদ্দে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থীদের মা ও অভিভাবকরা।
সরকারের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ নির্বাচনী-০৯ (দ্বিতীয়) প্রকল্পের আওতায় বিদ্যালয়টির মেরামত ও আসবাবপত্র সরবরাহের জন্য সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। বরাদ্দের প্রথম কিস্তির অর্থ দিয়ে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের টাইলস স্থাপন, রং ও সংস্কার করে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। সংস্কারকাজ সম্পন্ন হওয়ার পর গতকাল ওই শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মা ও অভিভাবকদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিদ্যালয়টির উন্নয়ন ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের অবদানের কথা তুলে ধরা হয়।
এ সময় শিক্ষার্থীদের মা ও অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করে করতালির মাধ্যমে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সভায় বক্তারা বলেন, চাঁদপুর শহরের লঞ্চঘাটের কাছে অবস্থিত এ বিদ্যালয়টি সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ করে দিচ্ছে।
দান-অনুদানের মাধ্যমে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিশু কল্যাণ ট্রাস্টের আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সভায় উপস্থিত মা ও অভিভাবকরা বিদ্যালয়টির উন্নয়নে শেখ ফরিদ আহমেদ মানিক এমপির অব্যাহত সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।



