
মামুন হোসাইন : চাঁদপুরের ফরিদগঞ্জে সৌদি আরবে স্বামীর মৃত্যুর পর ঋণের বোঝা ও স্বামীর সম্পত্তির ওয়ারিশ দাবি নিয়ে বিপাকে পড়েছেন না নাছরিন আক্তার নামে এক গৃহবধূ।
প্রায় সাড়ে তিন বছরের সংসার জীবনের পর স্বামী সাইফুল ইসলাম মাসুমের মৃত্যুর ঘটনায় তার জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। বর্তমানে প্রায় তিন মাস ধরে স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন বলে অভিযোগ করেছেন তিনি।
ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার ৫ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের হোগলী গ্রামের। এ ঘটনায় প্রতিকার চেয়ে নাছরুম আক্তার বাদী হয়ে চাঁদপুর আমলী আদালতে সি.আর-৭৪৩/২০২৬ ইং মামলা করেছেন।
নাছরুম আক্তারের দাবি, হোগলী গ্রামের আবুল বাশারের ছেলে সাইফুল ইসলাম মাসুমকে ভালোবেসে বিয়ে করার পর প্রায় সাড়ে তিন বছর শ্বশুরবাড়িতে বসবাস করেন তিনি। শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার সম্পর্কও ভালো ছিল। প্রবাসে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়লে স্বামীকে সহযোগিতা করতে তিনি শ্বশুরকে সঙ্গে নিয়ে বিভিন্ন সমিতি থেকে প্রায় ৯ লাখ টাকা ঋণ নেন। এছাড়া নিজের ও বোনের স্বর্ণালংকার বিক্রি ও বন্ধক রেখেও স্বামীকে অর্থ সহায়তা করেন।
তিনি বলেন, চলতি বছরের ২৪ এপ্রিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় স্বামী মারা গেলে পরিস্থিতি পাল্টে যায়। বিভিন্ন সমিতির ঋণ পরিশোধ নিয়ে শ্বশুরের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। পরে স্থানীয় ইউপি সদস্য, এলাকার লোকজন ও সমিতির প্রতিনিধিদের উপস্থিতিতে কয়েক দফা বৈঠক হয়। সেখানে ঋণ পরিশোধ এবং স্বামীর ওয়ারিশ হিসেবে তার অধিকার বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি।
নাছরিনের অভিযোগ, একপর্যায়ে কৌশলে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর গত প্রায় তিন মাস ধরে তিনি একাধিকবার স্বামীর বাড়িতে গেলেও বাড়িঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। ফলে স্বামীর বাড়িতে বসবাস কিংবা তার অধিকার আদায়—কোনোটিই সম্ভব হচ্ছে না বলে দাবি তার।
স্থানীয় তৈয়বা, ইউছুপ মিজি, জসিম উদ্দিন ও মো. হোসেন জানান, মাসুম প্রবাসে থাকলেও তার স্ত্রী শ্বশুর-শাশুড়ির সঙ্গে একই বাড়িতে থাকতেন এবং তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। মাসুমের মৃত্যুর পর ঋণসহ বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে। বর্তমানে বাড়িটি তালাবদ্ধ রয়েছে এবং মাঝে মাঝে মাসুমের স্ত্রী সেখানে এসে ফিরে যান।
স্থানীয় ইউপি সদস্য আহসান উল্ল্যাহ হৃদয় বলেন, মাসুমের মৃত্যুর পর পারিবারিক সমস্যার বিষয়ে বাড়িতে, থানার সামনে এবং লিগ্যাল এইডে বৈঠক হয়েছে। সেখানে মাসুমের স্ত্রীকে তার ওয়ারিশের অধিকার বুঝিয়ে দেওয়া এবং ঋণ পরিশোধে শ্বশুরের দায়িত্ব নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি বলে তিনি জানান।
অভিযোগের বিষয়ে সাইফুল ইসলাম মাসুমের পিতা আবুল বাশারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার ভাই আবুল হোসেনকে কথা বলতে দেন। আবুল হোসেন অভিযোগগুলো অস্বীকার করে বলেন, “আমরা যা কিছু করেছি, আইনের মাধ্যমেই করেছি।”
এদিকে স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে আইনগত অধিকার এবং ঋণের দায় থেকে পরিত্রাণ পেতে আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়ার আশা করছেন নাছরুম আক্তার। মামলাটির পরবর্তী কার্যক্রমের মাধ্যমে বিষয়টির আইনগত নিষ্পত্তি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



