চাঁদপুরের সব থানায় একযোগে মাদকবিরোধী র‌্যালি ও সভা

চাঁদপুর খবর রিপোর্ট : মাদকমুক্ত সমাজ গঠন ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলার সকল থানায় একযোগে মাদকবিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার আটটি থানায় পৃথকভাবে এসব কর্মসূচি আয়োজন করা হয়।

চাঁদপুর সদর মডেল থানা, হাইমচর থানা, হাজীগঞ্জ থানা, ফরিদগঞ্জ থানা, মতলব উত্তর থানা, মতলব দক্ষিণ থানা, শাহরাস্তি মডেল থানা ও কচুয়া থানায় আয়োজিত র‌্যালিতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

র‌্যালি শেষে অনুষ্ঠিত সভায় মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আইনগত ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন।

সম্পর্কিত খবর