চাঁদপুর লঞ্চঘাটে ইজারার নামে টাকা আদায় বন্ধের নির্দেশ এমপির

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর লঞ্চঘাটে ইজারার নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানি বন্ধে কঠোর নির্দেশ দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

রোববার (১৬ আগস্ট ২০২৬) থেকে বিআইডব্লিউটিএ’র নির্ধারিত ১০ টাকার প্রবেশ টিকিট ছাড়া ইজারার নামে কোনো যাত্রীর কাছ থেকে কোনো ধরনের টাকা নেওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘাটে আসা-যাওয়া করা কোনো যাত্রীকে হয়রানি না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার ফেসবুক লাইভে এসে জানান, সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনায় লঞ্চঘাটে ইজারার নামে অতিরিক্ত টাকা আদায় ও যাত্রী হয়রানি বন্ধে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী, বিআইডব্লিউটিএ’র ১০ টাকার প্রবেশ টিকিট ব্যতীত ইজারার দোহাই দিয়ে কোনো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। কেউ এ নির্দেশনা অমান্য করে টাকা আদায়, চাঁদাবাজি কিংবা যাত্রী হয়রানির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে চাঁদপুর লঞ্চঘাটে ইজারার নামে সাধারণ যাত্রী ও পথচারীদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আদায় এবং হয়রানির অভিযোগ ছিল। নতুন এই নির্দেশনার ফলে ঘাটে যাত্রী হয়রানি ও অনিয়ম বন্ধ হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে নির্দেশনা বাস্তবায়নে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। কেউ যেন ইজারার নামে অবৈধভাবে টাকা আদায় করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলছেন, নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়ন হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে লঞ্চযাত্রীরা স্বস্তি পাবেন।

সম্পর্কিত খবর