
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর লঞ্চঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। রোববার (১৬ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অধীন চাঁদপুর নৌ থানা পুলিশ লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে পৃথকভাবে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন—ভোলা জেলার লালমোহন থানার বাসিন্দা মোছা. আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদর থানার সিংপাড়া এলাকার মোছা. আছমা (৩৪)।
পুলিশ জানায়, আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে সর্বমোট ৯ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই নারী জানিয়েছেন, তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে মুন্সিগঞ্জে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



