
ফরিদগঞ্জ ব্যুরোঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামে শতাধিক বীমা গ্রাহকের সঙ্গে প্রতারণা, জালিয়াতি ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ফারইস্ট ইসলামী লাইফ ই›স্যুরেন্সের এক বীমা কর্মী সাইফুল ইসলামের বিরুদ্ধে। বীমার মেয়াদ শেষ হওয়ার পরও গ্রাহকদের প্রাপ্য অর্থ পরিশোধ না করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, বীমা করার সময় নানা ধরনের প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিয়ে সহজ-সরল নারী ও পুরুষদের কাছ থেকে দীর্ঘদিন ধরে টাকা সংগ্রহ করেন সাইফুল। পরে গ্রাহকদের অনেককে ভুয়া রসিদ দেওয়ার পাশাপাশি মেয়াদ পূর্ণ হওয়া পলিসির টাকাও পরিশোধ না করে নানা অজুহাত দেখানো হচ্ছে।
অভিযোগ রয়েছে, ফারইস্ট ইসলামী লাইফ ই›স্যুরেন্সের সাবেক পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগের সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু বীমা কর্মী গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় সাইফুল ইসলামের বিরুদ্ধেও লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রাহকরা।
শনিবার (১৫ আগস্ট) চরমুঘুয়া গ্রামের শতাধিক বীমা গ্রাহক সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তাদের পাওনা টাকা ও অভিযোগের বিষয়ে জানতে চান। তবে গ্রাহকদের উপস্থিতির খবর পেয়ে সাইফুল ইসলাম বাড়ি থেকে সরে যান বলে অভিযোগ করেন স্থানীয়রা।
ভুক্তভোগী লিপি আক্তার বলেন, “প্রলোভন দেখিয়ে আমার নামে চারটি পলিসি করানো হয়। অনেক কষ্ট করে ১০ বছর পর্যন্ত টাকা পরিশোধ করে মেয়াদ পূর্ণ করেছি। কিন্তু মেয়াদ শেষ হওয়ার দুই বছর পার হলেও এখনো দাবিকৃত টাকা পাইনি। এতে পরিবারে অশান্তি তৈরি হয়েছে।”
আরেক গ্রাহক রহীমা বেগমের অভিযোগ, তার বীমার মেয়াদ পূর্ণ হওয়ার পর প্রাপ্য টাকা চাইতে গেলে উল্টো তার কাছে ঘুষ দাবি করা হয়েছে।
গ্রাহকদের দাবি, পলিসি করার সময় সাইফুল ইসলাম নিজেই নিয়মিত টাকা পরিশোধ ও মেয়াদ শেষে প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বর্তমানে তিনি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলছেন এবং পাওনা টাকা পরিশোধ করছেন না।
স্থানীয়দের আরও অভিযোগ, একজন সাধারণ বীমা কর্মী হিসেবে কাজ করলেও অল্প সময়ের মধ্যে সাইফুল ইসলামের বিপুল সম্পদ ও আলিশান বাড়ির মালিক হওয়া নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এসব সম্পদের বিষয়ে সাইফুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে ভুক্তভোগী কয়েকজন গ্রাহক আদালত ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে বক্তব্য জানতে সাইফুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, ভুক্তভোগীদের দাবিকৃত টাকা পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা করা হবে।
তবে সাইফুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।



