
হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জের গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া শেখ বাড়ির শফিকুল ইসলামের স্ত্রী সাহিদা নিখোঁজ।
“আব্বু সিএনজি অটোরিকশা চালক আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে।” বাবার সঙ্গে এ কথা বলার পরই মুঠোফোনটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে ২ বছরের শিশুকন্যা জুবাইদাসহ সাহিদা আক্তার (৩৩)-এর খোঁজ মিলছে না। উদ্বিগ্ন হয়ে বাবার পরিবার ও স্বামীর পরিবার চারদিকে খোঁজ করে সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে।
তার বাবার বাড়ি একই ইউনিয়নের পাঁচই গ্রামে। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) ভোরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার সময় এ ঘটনা ঘটে। থানায় করা ডায়েরি সূত্রে জানা যায়, নিখোঁজ নারীর শারীরিক উচ্চতা প্রায় ৪ ফুট ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ৫০ কেজি। সাহিদার বাবা আবুল হোসেন জানান, শুক্রবার ভোরে সে আমার বাড়ি আসার জন্যে প্রস্তুতি নেয়।
কিছুক্ষণ পরে আমার নম্বরে কল দিয়ে বলে, ‘আমাকে সিএনজি চালক অন্য দিকে নিয়ে যাচ্ছে।’ এরপর মোবাইল বন্ধ হয়ে যায়। আমার সঙ্গে ২৬ সেকেন্ড কথা হয়। আমি তার সন্ধান চাই।” পরিবারের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে নিখোঁজ নারী ও তার মেয়ের সন্ধান বের করার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তার ছোট বোন শাহানা আক্তার।
হাজীগঞ্জ থানার ওসি আবদুল মান্নান জানান, আমরা খোঁজ পেতে কাজ শুরু করেছি।



