চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

চাঁদপুর খবর রিপোর্ট: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএমের উপস্থিতিতে চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা ডিআইজির কাছে তুলে ধরেন। তিনি পুলিশ সদস্যদের বক্তব্য আন্তরিকতার সঙ্গে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় ডিআইজি পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশের উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবামূলক, মানবিক ও পেশাদার পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ কল্যাণ সভা শেষে দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ডিআইজি পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ও সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার সব থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (জেলা বিশেষ শাখা), অফিসার ইনচার্জ (জেলা গোয়েন্দা শাখা), শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স, আরওআই রিজার্ভ অফিসসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা সভায় অংশ নেন।

সম্পর্কিত খবর