
চাঁদপুর খবর রিপোর্ট: চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কেন্দ্রীয় সমিতি, সদস্য সমিতি ও বিভিন্ন প্রকল্পের ব্যবস্থাপকগণের অংশগ্রহণে ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারস্থ কেন্দ্রীয় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও কেন্দ্রীয় সমিতির ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন শেখের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমিতির সভাপতি মো. সেলিম আহমেদ।
সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন শেখ তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, সমিতির সদস্যদের মধ্যে টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে উপযুক্ত বিনিয়োগ গ্রহীতা চিহ্নিত করতে হবে। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজের গতি বাড়িয়ে বিভিন্ন সূচকের ঘাটতি কমিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের নীতিমালা ও নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত সফলতার দিকে এগিয়ে যেতে হবে।
সভায় ব্যবস্থাপনা কমিটির সদস্য, কেন্দ্রীয় সমিতি, সদস্য সমিতি ও বিভিন্ন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন কার্যক্রম, বিনিয়োগ, সদস্যসেবা ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচ্যসূচি অনুযায়ী সভায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



