শাহরাস্তি প্রেস ক্লাবের দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

স্বপন কর্মকার মিঠুনঃ আজ প্রশিক্ষনে যা শিখেছেন তা সঠিকভাবে সাংবাদিকতার কাজে ব্যবহার করতে হবে। তখনই আজকের প্রশিক্ষনের সার্থকতা প্রতিফলিত হবে। এবং আমরাসহ দেশ, জাতি উপকৃত হবে এবং জাতি সত্য জানতে পারবে। বর্তমান সময়ে এ প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ। আশাকরি আমরা ভুল তথ্য পাবো না।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দিতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ওই কথা বলেন।

শাহরাস্তি প্রেসক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এ কর্মশালা।

বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল পৌনে ১০ টায় শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। শাহরাস্তি মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের পরিচালক ও প্রেসক্লাবের দাতা সদস্য ডঃ আরিফ উল হাসান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালার শুরুতে ‘সংবাদের উৎস, অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা ও সাংবাদিকতায় নৈতিকতা’ বিষয়ে প্রশিক্ষণ দেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, পিএইচএফ। এসময় তাঁর জীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। পাশপাশি শাহরাস্তি প্রেসক্লাবের এমন আয়োজনের ভূয়সি প্রশংসা করেন।

এরপর ‘সংবাদ সংগ্রহ ও রিপোর্টিং’ বিষয়ে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অংশ নেন দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও এমআরডিআই আয়োজিত ট্রেনিং অব ট্রেনার্স (টিওটি) প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিক।

দুপুর ১ টায় ‘এআই ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ে প্রাণবন্ত প্রশিক্ষণ প্রদান করেন বুম বাংলাদেশের ফ্যাক্ট-চেকার ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাস্টার ট্রেইনার তৈসিফ আকবর। দুপুরের খাবারের বিরতির পর বেলা আড়াইটায় ‘মফস্বল সাংবাদিকদের ক্যারিয়ার প্ল্যান’ বিষয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহাবুর আলম সোহাগ। দিনের শেষ প্রশিক্ষণ সেশনে ‘ডিজিটাল সাংবাদিকতার কলাকৌশল’ বিষয়ে প্রশিক্ষণ দেন আরটিভির ডিজিটাল কনটেন্ট অ্যান্ড মোবাইল জার্নালিজমের ইনচার্জ দেলোয়ার হোসেন।

বিকেল ৫ টায় সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বক্তব্য রাখেন। তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, শাহরাস্তি প্রেসক্লাবের এ আয়োজন প্রশংসিত। বর্তমান সময়ে এ প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ। আশাকরি আমরা ভুল তথ্য পাবো না। এতে করে আমরা সবাই উপকৃত হবো। যা শিখেছেন তা সঠিকভাবে সাংবাদিকতার কাজে লাগালে আমরাসহ দেশ, জাতি উপকৃত হবে এবং সত্য জানতে পারবে।

প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও কার্য নির্বাহী সম্পাদক ফয়েজ আহমেদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

সম্পর্কিত খবর