
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ষামঙ্গল অনুষ্ঠান। এ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বর্ষামঙ্গল অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এন এস জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক ও প্রতিযোগীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বর্ষামঙ্গল বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি উৎসব। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে। পরে চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিশু-কিশোরদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
সাংস্কৃতিক পরিবেশনা ও প্রাণবন্ত আয়োজনে বর্ষামঙ্গল অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।



