
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) চাঁদপুরের কোর্ট স্টেশন এলাকা ও লঞ্চঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বাসি গ্রিল, চাপ ও রান্না করা মাংস কাঁচা মাংসের সঙ্গে বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে ঢাকা হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মূল্য তালিকা না থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত পানি ও চিপস বিক্রির অপরাধে এম. ভি. আব এ জমজম-৭ লঞ্চের ক্যান্টিনের ম্যানেজার মো. নজরুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা আরোপ করা হয়। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে তারা।
অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর।



