
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় প্রবাসী শাহজাহান পাটোয়ারী প্রকাশ সাজু (৪৭) হত্যা মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় নিহতের পরিবার ও বাদী পক্ষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার পর মামলার প্রধান আসামি ইউনিয়ন ছাত্রদলের নেতা মো. শাকিল গাজীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও এখন পর্যন্ত আর কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
এদিকে, গ্রেপ্তার হওয়া ছাত্রদলের নেতা শাকিল গাজী ঘটনার সঙ্গে জড়িত নন এমন আলোচনারও দাবি উঠেছে। সামাজিক যোগাযোগ মাধধ্যমে এমন দাবী তুলছেন ।বাদী পক্ষের অভিযোগ, মামলায় প্রকৃতভাবে জড়িত ব্যক্তিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। ফলে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
সম্প্রতি চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতেও শাহমাহমুদপুর ইউনিয়নের শাহজাহান হত্যা মামলার বিষয়টি আলোচনায় উঠে এসেছে বলে জানা গেছে। মামলার অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। মাদকের অভিযানের নামে একজন সাধারণ প্রবাসী নিরীহ মানুষকে হত্যার ঘটনায় প্রশ্ন তুলেছে ।
এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক জানান, কেই আইন নিজের হাতে তুলবেন না । মাদকের বিরুদ্ধে কেউ অভিযান করবেন না। মাদকের কোন তথ্য পেলে আইনপ্রয়োগকারী সংস্থাকে জানাবেন।
এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার জানিয়েছেন, মামলার ময়নাতদন্ত জন্য অপক্ষোয় রয়েছে । মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
অন্যদিকে, শাহজাহান হত্যাকাণ্ডের সময় হামলাকারীদের এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলো ইতোমধ্যে ভাইরাল হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসব ভিডিওতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব কি না, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শাহজাহান পাটোয়ারী প্রকাশ সাজু (৪৭)-এর বড় ভাই মো. স্বপন পাটোয়ারী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন—মো. শাকিল গাজী (২৭), মো. সাজিদ গাজী (২৩), আল আমিন মিজি (২১), মো. আরাফাত মিজি (১৯), আব্দুল্লাহ মিজি (২০) ও শুভ মিজি (১৯)।
মামলার প্রধান আসামি মো. শাকিল গাজীকে পুলিশ আটক করে আদালতে হাজির করলে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পুলিশ জানিয়েছিল, তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।
তবে এখন পর্যন্ত শাকিল গাজী ছাড়া মামলার অন্য কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এতে নিহতের স্বজন ও বাদী পক্ষের মধ্যে অসন্তোষ বাড়ছে। নিহতের পরিবারের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃতভাবে যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওসহ ঘটনার সময়কার বিভিন্ন তথ্য-প্রমাণ গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এদিকে পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, মামলার তদন্তে দ্রুত দৃশ্যমান অগ্রগতি আসবে এবং ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।



