
শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে পদোন্নতিজনিত হয়ে বদলি হওয়ায় তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাকে জেলা প্রশাসন চাঁদপুরের পক্ষ থেকে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো : এরশাদ উদ্দিন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহরাস্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে হিল্লোল চাকমা দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি দায়িত্ব পালন করেছেন। ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব আদায়, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকা প্রশংসনীয় ছিল। তাঁর দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকতা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার বিষয়টিও বক্তারা তুলে ধরেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন আইনগত ও প্রশাসনিক কার্যক্রমে তিনি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, হিল্লোল চাকমা শাহরাস্তি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিজনিত বদলির মাধ্যমে তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।



