
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বেলভিউ হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এন জামিউল হিকমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় ।
সাথে ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.রফিকুল হাসান ফয়সাল । অভিযানে হাসপাতালটিতে অপারেশন করা রোগীদের নাম-ঠিকানা সংরক্ষিত তথ্যে উল্লেখ না করা, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকা, বর্জ্য ব্যবস্থাপনায় অসন্তোষজনক পরিস্থিতি এবং নারকোটিক্স ওষুধের লাইসেন্স প্রদর্শন করতে না পারাসহ বিভিন্ন অনিয়মের তথ্য উঠে আসে।
মঙ্গলবার (১১ আগস্ট) পরিচালিত এ অভিযানে এসব অনিয়মের কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বেলভিউ হাসপাতালে রোগীদের বিভিন্ন ধরনের অপারেশন করা হলেও সংশ্লিষ্ট রেজিস্টার বা সংরক্ষিত তথ্যে অপারেশন করা রোগীদের নাম-ঠিকানা যথাযথভাবে উল্লেখ করা হয়নি। এছাড়া পরিদর্শনের সময় হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্সও পাওয়া যায়নি। অভিযানে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনাও সন্তোষজনক নয় বলে কর্তৃপক্ষের নজরে আসে।
পাশাপাশি হাসপাতালে সংরক্ষিত নারকোটিক্স ওষুধের বৈধ লাইসেন্সও পরিদর্শনকারী কর্মকর্তাদের কাছে প্রদর্শন করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে, পর্যাপ্ত চিকিৎসক না থাকায় এর আগে হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন চাঁদপুরের সিভিল সার্জন।
তবে সেই নির্দেশনা অমান্য করে হাসপাতালটিতে নিয়মিত ওটি কার্যক্রম পরিচালনার অভিযোগও পাওয়া গেছে। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এন জামিউল হিকমা জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসপাতালটির বিভিন্ন অনিয়মের বিষয় ধরা পড়ে। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় হাসপাতাল কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে নির্ধারিত আইন ও সরকারি নির্দেশনা মেনে হাসপাতাল পরিচালনার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। অভিযানে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.রফিকুল হাসান ফয়সাল ।



