চাঁদপুর জেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

মহসিন হোসাইন : চাঁদপুর জেলায় ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চাঁদপুর জেলা শিক্ষা অফিসারের কার্যালয় কর্তৃক এই ফলাফল সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, তিনটি বিভাগে ভিন্ন ভিন্ন ফলাফল অর্জিত হয়েছে। এসএসসি (সাধারণ) ফলাফল: চাঁদপুর জেলার ২৮৫টি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, চলতি বছর সাধারণ বিভাগে মোট ২১ হাজার ৬৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৭৯৭ জন।

জেলায় গড় পাসের হার ৬৩.৭৫ শতাংশ। মোট ১ হাজার ৮৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। উপজেলা ভিত্তিক ফলাফলে চাঁদপুর সদর উপজেলা পাসের হারে শীর্ষে রয়েছে। এই উপজেলার পাসের হার ৭১.০৬ শতাংশ এবং সর্বোচ্চ ৪৮১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে হাইমচর উপজেলা (৭৩.২৯ শতাংশ) এবং তৃতীয় অবস্থানে মতলব দক্ষিণ (৬৭.৩৩ শতাংশ)।

সবচেয়ে কম পাসের হার কচুয়া উপজেলায়, যেখানে হার ৫৬.২৬ শতাংশ। দাখিল ফলাফল: জেলার ২০১টি মাদরাসা থেকে মোট ৭ হাজার ৩০০ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৪ হাজার ২০১ জন উত্তীর্ণ হয়েছে। দাখিল বিভাগে জেলায় গড় পাসের হার ৫৭.৫৫ শতাংশ এবং ৯২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দাখিল পরীক্ষায় পাসের হারে হাজীগঞ্জ উপজেলা শীর্ষে রয়েছে, যেখানে পাসের হার ৬৫.৭৭ শতাংশ এবং সর্বোচ্চ ৩৪ জন জিপিএ-৫ পেয়েছে। এর পরেই রয়েছে কচুয়া উপজেলা (৬৪.৮৭ শতাংশ)। সবচেয়ে কম পাসের হার মতলব উত্তর উপজেলায় (৩৯.৬২ শতাংশ)।

এই উপজেলা থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এসএসসি (ভোকেশনাল) ফলাফল: ভোকেশনাল শাখায় ৩১টি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৭২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১ হাজার ১১৯ জন উত্তীর্ণ হয়েছে, যার ফলে জেলায় পাসের হার ৬৪.৯১ শতাংশ। এই শাখায় মোট ৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

ভোকেশনাল শাখায় পাসের হারে শাহরাস্তি উপজেলা শীর্ষে রয়েছে, যেখানে পাসের হার ৭৪.৬৩ শতাংশ। অন্যদিকে, চাঁদপুর সদর উপজেলা থেকে সবচেয়ে বেশি ১২৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। হাজীগঞ্জ উপজেলা থেকে সর্বোচ্চ ২১ জন জিপিএ-৫ পেয়েছে। সবচেয়ে কম পাসের হার চাঁদপুর সদর উপজেলায় (৫১.২২ শতাংশ)। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

তবে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া শিক্ষার্থীদের পুনরায় আবেদন করার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, চাঁদপুর জেলায় ফলাফলের শীর্ষে মাতৃপীঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় রয়েছে আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৩৭ জন শিক্ষার্থী।

এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন। বিদ্যালয়টির পাসের হার ৯৬ দশমিক ৬৭ শতাংশ। ফলাফলের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা আল-আমিন একাডেমি থেকে পরীক্ষায় অংশ নেয় ৮৩৫ জন। উত্তীর্ণ হয়েছে ৭৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন। বিদ্যালয়টির পাসের হার ৯৩ দশমিক ৮৯ শতাংশ।

সম্পর্কিত খবর