চাঁদপুর নৌ-পথে যাত্রীসেবার মান উন্নয়নে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : ঢাকা-চাঁদপুর নৌপথে যাত্রীসেবার মান উন্নয়ন, লঞ্চে নিম্নমানের ও বাসি খাবার পরিবেশন বন্ধ, অতিরিক্ত মূল্য আদায় রোধ এবং পরিবেশ দূষণ প্রতিরোধে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

সভায় সভাপতির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, কোনো অবস্থাতেই লঞ্চ থেকে নদীতে বর্জ্য ফেলা যাবে না। অনেক লঞ্চ ঘাটে ভিড়ার পর নদীতে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করছে, যা বন্ধে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। এছাড়া কেবিনের সামনে অতিরিক্ত চেয়ার বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা ডেকে অতিরিক্ত ভিড়ের বিষয়েও লঞ্চ কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। জেলা প্রশাসক আরও বলেন, লঞ্চের টয়লেটের বর্জ্য যাতে সরাসরি নদীতে না পড়ে, সে বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ঢাকা-চাঁদপুর নৌরুটে রকেট স্টিমার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে মোটরসাইকেল পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। প্রতিটি লঞ্চে পরিচ্ছন্ন টয়লেট, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্যান্টিনে বাজারমূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি বন্ধে কঠোর নজরদারি চালানো হবে। এছাড়াও জেলা প্রশাসক বলেন, “প্রতিটি লঞ্চে এমন স্থানে হটলাইন নম্বর টাঙাতে হবে, যাতে যাত্রীরা সহজেই অভিযোগ জানাতে পারেন।

অভিযোগের দ্রুত নিষ্পত্তিরও ব্যবস্থা থাকতে হবে।” সভায় বক্তব্য রাখেন চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা কামরুজ্জামান, চাঁদপুর নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মো. মিজানুর রহমান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, ক্যাব প্রতিনিধি এবং লঞ্চ মালিক প্রতিনিধি মো. বিপ্লব সরকার, আজগর আলী সরকার ও ইউসুফ আলী বেপারী।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর নদীবন্দরের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম, চাঁদপুর নৌ থানার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা। সভায় বক্তারা জানান, ঢাকা-চাঁদপুর নৌরুটে বর্তমানে ২০ থেকে ২২টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে।

প্রতিদিন সকাল ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলাচলকারী এসব লঞ্চে ৫০০ থেকে সাড়ে ৯০০ জন পর্যন্ত যাত্রী পরিবহন করা হয়। তারা বলেন, যাত্রীসেবার মান উন্নয়নে লঞ্চ মালিকরা কাজ করলেও কিছু ক্যান্টিনে বাসি খাবার পরিবেশন, বাজারমূল্যের দ্বিগুণ বা তারও বেশি দামে পণ্য বিক্রি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।

এসব অনিয়ম বন্ধে নিয়মিত মনিটরিং, ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পর্কিত খবর