
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরে নবজাতকদের জন্য মানসম্মত নিবিড় পরিচর্যা (NICU) সেবার সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে।
অভিভাবক, চিকিৎসক এবং স্বাস্থ্যসংশ্লিষ্টদের অভিযোগ, সরকারি হাসপাতালে পূর্ণাঙ্গ এনআইসিইউ সুবিধার অভাব, বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত জনবলের সংকট এবং বেসরকারি হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্নের কারণে অনেক নবজাতককে সময়মতো উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হতে হচ্ছে। এতে জটিল অবস্থায় থাকা অনেক শিশুকে শেষ পর্যন্ত ঢাকা বা কুমিল্লায় রেফার করতে হচ্ছে।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রতিদিন অসংখ্য শিশুর জন্ম হয়। কিন্তু জন্মের পর শ্বাসকষ্ট, অপরিণত অবস্থায় জন্ম (Premature Birth), জন্ডিস বা অন্যান্য জটিলতা দেখা দিলে অধিকাংশ ক্ষেত্রেই উন্নত এনআইসিইউ সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। সদর হাসপাতালে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট (SCANU) চালু থাকলেও এটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
পর্যাপ্ত ভেন্টিলেটর, সি-প্যাপ (CPAP) মেশিন, ইনকিউবেটর এবং নবজাতক বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব দীর্ঘদিনের সমস্যা। ফলে জটিল অবস্থার নবজাতকদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা কুমিল্লায় পাঠানো হয়। অভিভাবকদের অভিযোগ, অনেক ক্ষেত্রে রেফার করতে দেরি হওয়ায় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার আগেই কিংবা ঢাকায় পৌঁছানোর পর চিকিৎসার সুযোগ সংকুচিত হয়ে যায়।
ঢাকার বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেওয়া একাধিক পরিবারের দাবি, সময়মতো উন্নত চিকিৎসা পেলে অনেক নবজাতককে বাঁচানো সম্ভব হতো। সরেজমিনে হাসপাতাল ঘুরে এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি হাসপাতালে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ প্রয়োগের লিখিত রেকর্ড সংরক্ষণ এবং শিফটভিত্তিক নার্সদের হ্যান্ডওভার ব্যবস্থায় ঘাটতির অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রেই মৌখিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়, যা রোগী ব্যবস্থাপনায় ঝুঁকি তৈরি করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
এ ছাড়া নবজাতকের গুরুত্বপূর্ণ পরীক্ষা, বিশেষ করে ইকোকার্ডিওগ্রামের সুবিধা চাঁদপুরে পর্যাপ্ত নয় বলে অভিযোগ রয়েছে। ফলে জন্মগত হৃদরোগসহ বিভিন্ন জটিলতা দ্রুত শনাক্ত করা সম্ভব হয় না। অভিযোগ রয়েছে, সরকারি হাসপাতালে সেবার সীমাবদ্ধতার সুযোগ নিয়ে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এনআইসিইউ সেবা দেওয়ার দাবি করা হলেও সব প্রতিষ্ঠানে সার্বক্ষণিক নবজাতক বিশেষজ্ঞ (Neonatologist), প্রশিক্ষিত নার্স কিংবা প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি নেই। তবুও অভিভাবকদের কাছ থেকে উচ্চ হারে এনআইসিইউ চার্জ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঢাকায় চিকিৎসা নেওয়া এক নবজাতকের বাবা বলেন, “ঢাকার একটি বিশেষায়িত নবজাতক হাসপাতালে উন্নত সেবা ও সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এনআইসিইউর দৈনিক ভাড়া ৬,৫০০ টাকা। অথচ চাঁদপুরের কিছু হাসপাতালে তুলনামূলক সীমিত সুবিধা থাকা সত্ত্বেও দৈনিক সাড়ে ৮ হাজার টাকা বা তারও বেশি নেওয়া হচ্ছে।
চাঁদপুরের এক অভিভাবক, যিনি নিজের নবজাতক সন্তানকে হারিয়েছেন, অভিযোগ করে বলেন, প্রাথমিক অবস্থায় সময়মতো কার্যকর চিকিৎসা না দিয়ে কয়েক দিন হাসপাতালে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক জানান, অনেক দেরি হয়ে গেছে। সম্প্রতি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সন্তান হারানো মতলবের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমার শিশুর শ্বাসকষ্ট ছিল।
পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। দুই দিনে প্রায় ৪০ হাজার টাকা বিল নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠাতে বলা হয়। কিন্তু পথে আমার সন্তান মারা যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নবজাতক মৃত্যুর অন্যতম প্রধান কারণ জন্মকালীন শ্বাসকষ্ট (Birth Asphyxia), অপরিণত অবস্থায় জন্ম এবং সংক্রমণ। এসব ক্ষেত্রে সময়মতো সারফ্যাকট্যান্ট থেরাপি, সি-প্যাপ সাপোর্ট এবং নিবিড় পরিচর্যা নিশ্চিত করা গেলে অনেক শিশুর জীবন রক্ষা করা সম্ভব। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় অনুমোদিত নবজাতক বিশেষজ্ঞ ও শিশু বিশেষজ্ঞের একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবলেরও ঘাটতি রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবিলম্বে কয়েকটি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছেন। সেগুলোর মধ্যে রয়েছে—চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আধুনিক যন্ত্রপাতিসহ পূর্ণাঙ্গ এনআইসিইউ ইউনিট চালু করা, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের এনআইসিইউ সেবার মান নিয়মিত তদারকি করা, ভুয়া বা মানহীন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং নবজাতক বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও প্রয়োজনীয় জনবল দ্রুত নিয়োগ দেওয়া।
চিকিৎসাসংশ্লিষ্টদের মতে, নবজাতকের চিকিৎসায় প্রথম কয়েক ঘণ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই জেলা পর্যায়ে মানসম্মত নিবিড় পরিচর্যা ব্যবস্থা নিশ্চিত করা গেলে ঢাকামুখী রেফারের সংখ্যা কমবে এবং অনেক নবজাতকের জীবন রক্ষা করা সম্ভব হবে।



