
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরে লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রির পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের ওয়াপদা গেইট ও প্রেস ক্লাব রোড এলাকায় পরিচালিত অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।
অভিযানকালে বিস্ফোরক অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই আনুমানিক ১ হাজার থেকে ১ হাজার ২০০টি এলপিজি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ট্রেড লাইসেন্সে উল্লেখিত ঠিকানার পরিবর্তে অন্য স্থানে ব্যবসা পরিচালনার দায়ে মেসার্স অয়ন এন্টারপ্রাইজ-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে মিষ্টির শিরার মধ্যে তেলাপোকার বিষ্ঠা পাওয়া, সিগারেটের সঙ্গে খাদ্যপণ্য সংরক্ষণ, প্লাস্টিকের ড্রামে গরম শিরা রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণের অপরাধে ওয়ান মিনিট নামের প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। এ সময় বাজারের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।



