
চাঁদপুর খবর রিপোর্ট : দীর্ঘদিনের প্রত্যাশিত চাঁদপুর সরকারি কলেজের নিজস্ব নতুন ক্যাম্পাস বাস্তবায়নের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। বহু বছরের দাবি ও অপেক্ষার পর প্রকল্পটি এগিয়ে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং জেলার সচেতন মহলে আশাবাদ সৃষ্টি হয়েছে।
গত ১৫ জুলাই ২০২৬খ্রি. স্মারক নম্বর: ৩৭.০০,০০০০,০৮৩.০১৬.০০৫.২৬-১৯৪ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভৌত অবকাঠামো নির্মাণ/সম্প্রসারণ/মেরামত ও সংস্কার সংক্রান্ত প্রাপ্ত আবেদনের অগ্রগতি প্রতিবেদন প্রকাশিত হয়।
তারই প্রেক্ষিতে জানানো হয় যে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো নির্মাণ/সম্প্রসারণ/মেরামত ও সংস্কারের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত আবেদনসমূহের দ্রুত কার্যক্রম সম্পন্নপূর্বক প্রস্তুতকৃত অগ্রগতি প্রতিবেদন “মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল” এর এ বিভাগের ফোকাল পয়েন্ট কর্মকর্তা এবং সিনিয়র সহকারী সচিব (বেসরকারি কলেজ-৬), জনাব মঞ্জুরুল আলম-কে প্রেরণ করত: এ শাখাকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা। পত্র সংখ্যা: ০৩.০০.২৬৯০,০০০.০০৫.১৪.০০০১ ২৬-২২১; তারিখ: ২৮-০৬-২০২৬ খ্রি. চাঁদপুর সদর উপজেলাধীন চাঁদপুর সরকারি কলেজের নিজস্ব জমিতে নতুন ক্যম্পাস নির্মাণ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
সংশ্লিষ্টদের মতে, নতুন ক্যাম্পাস নির্মিত হলে চাঁদপুরে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রমের সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন ক্যাম্পাস বাস্তবায়নে সরকারের উদ্যোগ এবং চাঁদপুর সদর ও হাইমচর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের ধারাবাহিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যের প্রতি বিভিন্ন মহল কৃতজ্ঞতা প্রকাশ করেছে। শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন ক্যাম্পাস চালু হলে শিক্ষার্থীরা আধুনিক শ্রেণিকক্ষ, উন্নত শিক্ষাসুবিধা, গবেষণার সুযোগ এবং সহশিক্ষা কার্যক্রমের জন্য আরও উপযোগী পরিবেশ পাবে। একই সঙ্গে চাঁদপুর সরকারি কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নতুন মাত্রায় এগিয়ে যাবে বলে তাঁদের প্রত্যাশা।
জেলার শিক্ষা উন্নয়নে এ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, নতুন ক্যাম্পাস চালু হলে শুধু কলেজের শিক্ষার্থীরাই নয়, পুরো অঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাই নতুন গতি পাবে। তারা প্রকল্পের অবশিষ্ট কার্যক্রম দ্রুত সম্পন্ন করে শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসটি উন্মুক্ত করার আহ্বান জানান।



