
স্টাফ রিপোর্টার : জুলাই মানেই চাঁদপুরে ইলিশের ভরা মৌসুম। কিন্তু এবার সেই চিরচেনা দৃশ্য যেন উধাও। নদী ও সাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, মাছঘাটে কমেছে সরবরাহ, আর আকাশছোঁয়া দামে বিপাকে সাধারণ ক্রেতারা। কেন এই সংকট? জুলাই মাস শেষ হলেও চাঁদপুরের পদ্মা-মেঘনার মোহনায় শুরু হয় ইলিশের ভরা মৌসুম।
অন্যান্য বছর জেলেদের ব্যস্ততা, মাছঘাটে হাজার হাজার মণ ইলিশের বেচাকেনা আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকলেও এবার সেই চিত্র পুরোপুরি ভিন্ন। দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে এখন ইলিশের সরবরাহ কয়েক গুণ কমে গেছে।
সট: ব্যবসায়ীরা বলছেন, যেখানে অন্য বছর প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার মণ ইলিশ কেনাবেচা হতো, সেখানে এবার ১০০ মণ ইলিশও বাজারে আসছে না। সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দামও। গত বছর এক কেজি ওজনের একটি ইলিশ যেখানে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হতো, এবার একই আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ২০০ টাকায়। চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তামির্জা ওমর ফারুক জানান, অবৈধ কারেন্ট জালের ব্যবহার, নদীদূষণ এবং মেঘনা নদীতে ডুবোচর সৃষ্টি হওয়ায় ইলিশের স্বাভাবিক বিচরণ ব্যাহত হচ্ছে। এসব কারণেই উৎপাদন কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্যবসায়ীদের মতে, নানা কারণে সাগর থেকে পর্যাপ্ত ইলিশ নদীতে প্রবেশ করতে পারছে না। অন্যদিকে চাহিদা বাড়লেও সরবরাহ না বাড়ায় বাজারে দাম কমার কোনো লক্ষণ নেই। এদিকে সরকার ২০০৭ সাল থেকে জাটকা ও মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। খাদ্য সহায়তা, প্রণোদনা, বিকল্প কর্মসংস্থান, আইন প্রয়োগ ও সচেতনতামূলক নানা উদ্যোগ চললেও প্রত্যাশিত উৎপাদন না বাড়ায় নতুন করে কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে বিশেষজ্ঞ দল।
ক্রেতারা জানান, মাছঘাটে বরিশাল, হাতিয়া ও নোয়াখালীর ইলিশ চাঁদপুরের নামে বেশি দামে বিক্রি হচ্ছে। অথচ ভরা মৌসুমেও প্রকৃত চাঁদপুরের ইলিশের দেখা মিলছে না। অতিরিক্ত দামে ইলিশ কেনাও অনেকের সাধ্যের বাইরে চলে গেছে। ভরা মৌসুমেও ইলিশের এই সংকট সাময়িক নাকি দীর্ঘমেয়াদি—তা নিয়ে উদ্বেগ রয়েছে জেলে, ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে। সংশ্লিষ্টরা বলছেন, টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে সংকট আরও বাড়তে পারে।



