চাঁদপুরে দু’নারীসহ চিহ্নিত মাদক কারবারি ‘বাঘ শাহজাহান’ আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি ‘বাঘ শাহজাহান’সহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ শহীদ মিনারের সামনে একটি চারতলা ভবনের ফ্ল্যাটে এই অভিযান চালানো হয়।

ডিবির এসআই জিয়াউল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটক হয়। পুলিশের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে ইয়াবা বিক্রি, মাদক সেবন এবং অসামাজিক কার্যকলাপ চলে আসছে এমন অভিযোগ ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। অত্যন্ত গোপনীয়তার সাথে বৃহস্পতিবার ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

সেখানে তল্লাশিতে ফ্ল্যাটের বিভিন্ন কক্ষ থেকে ২০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। চাঁদপুর ডিবির ওসি মজিবুর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে ওই ফ্ল্যাটটি মাদক বিক্রি ও সেবনের কাজে ব্যবহারের তথ্য পাওয়া গেছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে। নতুন তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত খবর