ফরিদগঞ্জ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বাবলম্বী প্রকল্পের সূচনা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ, উৎসাহমূলক সম্মাননাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১ জুন ২০২৬খ্রি.)সকালে উপজেলার খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার মতো কার্যক্রম একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে যে মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও সংগঠনটি সমাজের কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করবে বলে আমি আশাবাদী।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান এবং চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান, খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া আক্তার, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সাইফুল ইসলাম সিফাত ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মহসীন পাটোয়ারী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান খান কালু, মহন পাটোয়ারী মানিক,

খাজুরিয়া ইয়ুথ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম মানিক, চাঁদপুর জজ কোর্টের আইনজীবী আলমগীর হোসেন গাজী, গুপ্টি পশ্চিম ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান গাজী, পল্লী চিকিৎসক শংকর চন্দ্র শীল, প্রবাসী ব্যবসায়ী খোরশেদ গাজী এবং ব্যবসায়ী খোরশেদ আলম মানিক।

আলোচনা সভাশেষে সংগঠনের পক্ষ থেকে গুপ্টি পশ্চিম ইউনিয়নের দরিদ্র ও অসচ্ছল পরিবারের ৭ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে ‘স্বাবলম্বী প্রকল্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এছাড়াও ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ খাজুরিয়া ফুটবল একাডেমিকে ‘ক্রীড়া সম্মাননা’, সমাজসেবায় অবদানের জন্যে একজন স্বেচ্ছাসেবীকে উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সম্মাননা’ এবং সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে অবদানের জন্যে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাগর আদনান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, প্রতিষ্ঠাতা সদস্য ও সহ-সভাপতি মোজাম্মেল হোসেন এবং প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাছুম।

সম্পর্কিত খবর