
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমা।
সোমবার (২০ এপ্রিল) সকালে পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্র ও নাগরিক সেবা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। এছাড়াও পরিষদের অন্যান্য দপ্তর ঘুরে দেখার পাশাপাশি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এ সময় তিনি আগত সেবাগ্রহীতা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে ইউনিয়নের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। ইউএনও এস.এম.এন জামিউল হিকমা সরকারি সেবার মান উন্নয়নে পরিষদের কর্মকর্তা- কর্মচারীদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কুদ্দুস আখন্দ রোকনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রাম পুলিশগণ গার্ড অফ অনার করার মাধ্যমে বরণ করে নেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফয়সাল আহমেদ ভূঁইয়া, ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা মো. সোহাগ হোসেন, ইউপি সদস্য বিল্লাল হোসেন সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।




