
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের পদ্মা-মেঘনায় চলছে মা ইলিশ রক্ষার ২২ দিনের বিশেষ অভিযান। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলে এবার নতুন কৌশল নিয়েছে তারা। ছোট ছোট শিশুদের নদীতে নামিয়ে ইলিশ ধরার কাজে ব্যবহার করছে।
গতকাল বুধবার (৮ অক্টোবর ২০২৫খ্রি.) ভোরে, চাঁদপুর নৌ থানার ওসি এ. কে. এম. এস. ইকবালের নেতৃত্বে অভিযান চালায় নৌ পুলিশ। এসময় তারা ২৪ জন শিশুসহ মোট ৩৮ জন জেলেকে আটক করতে সক্ষম হয়। নৌ পুলিশ জানায়, অনেক জেলে ধরা না পড়তে শিশুদের সামনে পাঠিয়ে মাছ ধরার চেষ্টা করছিল। এতে আইন প্রয়োগকারীরা দ্রুত ব্যবস্থা নেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই চারজন প্রাপ্তবয়স্ক জেলেকে ২০ দিনের কারাদণ্ড দেন। অন্যদিকে, ১০ জন জেলের বিরুদ্ধে পাঁচটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক ২৪ জন শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। অভিযানে অংশ নেয় নৌ পুলিশ, কোস্টগার্ড, মৎস্য অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত যৌথ টিম।
অভিযানকালে ধরা পড়া নৌকাগুলো নদীর মাঝখানেই ডুবিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ পুনরায় মাছ ধরতে না পারে। মা ইলিশ রক্ষায় এই অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌ পুলিশ। তারা বিশ্বাস করে, সবাই সচেতন হলে ইলিশের প্রজনন মৌসুমে নদী আবারও ভরে উঠবে প্রাণে।



