চাঁদপুরে পরিবেশগত মৌলিক সমস্যাসমূহ ও করণীয় শীর্ষক অংশীজন সভা

মহসিন হোসাইন : চাঁদপুর জেলার পরিবেশগত মৌলিক সমস্যাসমূহ এবং এসব সমস্যা হতে উত্তরণে করণীয় শীর্ষক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন,ইতোপূর্বে অনেক আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবিক পরিবর্তন খুব একটা হয়নি। আজকের এই সভা আমাদের নতুনভাবে ভাবতে ও কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহ দিচ্ছে। তিনি আরও বলেন,চাঁদপুরের পরিবেশগত সমস্যার মূল উৎস হলো—অপরিকল্পিত নগরায়ন,

কৃষিজমি দখল, নদী ও খালের নাব্যতা হ্রাস, এবং বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থা। একটি বাড়ি নির্মাণের আগে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা চিন্তা করতে হবে। কৃষিজমি নষ্ট করে বাড়ি নির্মাণ করা যেমন অনৈতিক, তেমনি আত্মঘাতী বলে উল্লেখ করেন। ডিসি মোহসীন উদ্দিন বলেন, গণপূর্ত ও এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে পরিবেশের প্রভাব বিবেচনায় না নেওয়া একটি বড় সমস্যা।

প্রকল্প অনুমোদনের আগে পরিবেশগত ছাড়পত্র ও ইআইএ নিশ্চিত করা অত্যাবশ্যক। তিনি আরও যোগ করেন, খাল-বিলগুলো যদি প্রবাহমান রাখা যায় এবং নিয়মিত খনন ও পরিচর্যা করা হয়, তাহলে বৃষ্টির পানি নিষ্কাশন ও শহরের জলাবদ্ধতা সমস্যার অনেকটাই সমাধান সম্ভব। বালু উত্তোলন নিয়েও আমরা কঠোর।অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন সবসময় তৎপর। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, আমরা যদি সবাই পরিবেশবান্ধব আচরণ না করি—যেমন রাস্তার পাশে ময়লা না ফেলা, ডাস্টবিন ব্যবহার করা, প্লাস্টিক কমানো—তাহলে সরকারি কোনো উদ্যোগই সফল হবে না। এই দায় প্রশাসনের একার নয়, এটি আমাদের সবার।

পরিবেশ সংরক্ষণে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ ক্লাব গঠন করা যেতে পারে, যাতে শিক্ষার্থীরা নিজেরাই পরিবেশ সচেতনতার দূত হয়ে ওঠে। তিনি ‘ক্লিন চাঁদপুর’সহ সামাজিক সংগঠনগুলোর প্রশংসা করে বলেন,তারা একা পরিবেশ রক্ষায় কাজ করছে, কিন্তু এখন সময় এসেছে সবাই মিলে একসাথে কাজ করার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান। সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল কবির, ডিডিএলজি ও পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, সিভিল সার্জন ডাঃ নূর আলম দ্বীন। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, ক্লিন চাঁদপুর সভাপতি অ্যাড. নূরুল আমিন খান আকাশ, চেম্বার অফ কমার্স সহ-সভাপতি তমাল কুমার ঘোষ,

প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ ল্যাফটেন্যান্ট কর্নেল শোয়াইব আহমেদ, হাসপাতাল মালিক সমিতির প্রতিনিধি মাহবুবুর রহমান, সাংবাদিক আলম পলাশ, জেলা সাংবাদিক সংস্থার সভাপতি মুছাদ্দেক আল আকিব, এবং রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আলম। বক্তারা বলেন, চাঁদপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা এখনো কার্যকর হয়নি।

শহরে পর্যাপ্ত ডাস্টবিন নেই, রাস্তার পাশে এবং বাজার এলাকায় ময়লা ফেলার প্রবণতা বেড়ে যাচ্ছে। এসব বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। তারা সবাই একমত হন যে—পরিবেশ সংরক্ষণ কোনো বিকল্প নয়, এটি এখন টিকে থাকার প্রশ্ন। এজন্য প্রশাসন, জনগণ, গণমাধ্যম, ও ব্যবসায়ী সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সভায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পরিবেশ বিষয়ক সামাজিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র্্যালি বের করা হয়।

সম্পর্কিত খবর