
মো: শওকত করিম : ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ ও বিশেষ অঞ্চলের একচ্ছত্র নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা সড়কে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরী প্রত্যাশী পরিষদ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে অবৈধভাবে অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগ বাতিল করে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তারা।
গ্রাহক ফোরামের সভাপতি সবুজ খান, বিশিষ্ট ব্যবসায়ী কবির খান, গোলাম মাওলা, গ্রাহক আলমগীর হোসেন বন্দুকসী, আবু বকর সিদ্দিক ও ইউসুফ ঢালী মানববন্ধনে বক্তব্য দেন।
বক্তারা আরও বলেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাল সার্টিফিকেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বহিষ্কার করার আহ্বান জানান তারা।
তারা অভিযোগ করেন, চট্টগ্রামের পটিয়া থানার মাধ্যমেই প্রায় পাঁচ হাজার অবৈধ নিয়োগ সম্পন্ন হয়েছে। এসব নিয়োগ অবৈধ ঘোষণার পাশাপাশি ভবিষ্যতে নতুন করে মেধাবী তরুণদের স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দিতে হবে।
বক্তারা আরও বলেন, এস আলম গ্রুপ কর্তৃক বহিষ্কৃত কিছু কর্মকর্তা এখন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
আন্দোলনকারীরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে গ্রাহক ফোরাম আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।



