
মহসিন হোসাইন : পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া, এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, সরকারের মৌলিক দায়িত্ব হচ্ছে জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা। এর মধ্যে ‘বাসস্থান’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যা শুধু মাথা গোঁজার ঠাঁই নয়— এটি মানুষের নিরাপত্তা, মর্যাদা ও মানসম্পন্ন জীবনের প্রতীক। অর্থাৎ আগামীর বাসস্থান হোক সু পরিকল্পিত।
তিনি আরও বলেন, আমরা মূলত দুটি বিষয় নিয়ে ভাবতে চাই, নিরাপদ বাসস্থান এবং নাগরিক নিরাপত্তা। একটি সুস্থ, সুন্দর ও টেকসই বসতি গড়ে তুলতে হলে পরিকল্পিত নগরায়ন অপরিহার্য। ভবন নির্মাণে যারা যুক্ত, সেই ডেভেলপার ও মালিকদের অবশ্যই নিয়মতান্ত্রিক প্রক্রিয়া মেনে কাজ করতে হবে। তাহলে আমরা দুর্ঘটনা, অনিয়ম ও পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে পারব।
জেলা প্রশাসক বলেন, একটি সুষ্ঠু নগরায়নের জন্য আবাসন পরিকল্পনার সঙ্গে জলবায়ু, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও সড়কব্যবস্থার সমন্বয় থাকা দরকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর রেখে যেতে হলে এখন থেকেই পরিকল্পিত উন্নয়নের পথে হাঁটতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, ডিডিএলজি ও পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া। এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।
বক্তারা বলেন, আজকের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে নগরায়ন নিয়ে সচেতনতা সৃষ্টি করা। দেশের নগরায়নের হার দিন দিন বাড়ছে, ফলে পরিকল্পনাহীন নির্মাণ কার্যক্রমে নানা সমস্যা তৈরি হচ্ছে। বক্তারা জোর দিয়ে বলেন, নগরায়নের আগে যদি যথাযথ পরিকল্পনা, পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং সরকারি অনুমোদন নিশ্চিত করা যায়, তাহলে নগর উন্নয়ন হবে টেকসই ও জনবান্ধব।
তারা আরও উল্লেখ করেন, অনেকেই এখনো নিয়মের তোয়াক্কা না করেই বাড়িঘর নির্মাণ করছেন, যা ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে। এজন্য সবাইকে নিয়মতান্ত্রিক ও পরিকল্পিতভাবে বসতি স্থাপনের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম, বিভিন্ন সুধীজন, অংশীজন ও স্টেকহোল্ডার সদস্যবৃন্দ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।



