মতলবে বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের মানববন্ধন

মতলব দক্ষিণ প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে দেওয়া অবৈধ নিয়োগ বাতিল এবং দক্ষ-যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা পরিষদ সম্মুখে বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে হাজার হাজার অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগ শুধু বিশেষ অঞ্চলের প্রার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল, যা দেশের অন্য প্রান্তের মেধাবী চাকরিপ্রত্যাশীদের প্রতি সুস্পষ্ট বৈষম্য।

তারা দাবি করেন, অবিলম্বে এসব নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দেশের সকল অঞ্চল থেকে যোগ্য ও দক্ষ প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে ব্যাংকিং সেক্টরে যেকোনো নিয়োগ মেধাভিত্তিক হতে হবে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের সভাপতি মারুফ হোসেন মানিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সিয়াম প্রমুখ। বক্তারা বলেন, “এস আলম গ্রুপ কর্তৃক অবৈধ নিয়োগপ্রাপ্তরা ব্যাংকিং সেক্টরকে দুর্নীতির চক্রে আবদ্ধ করেছে। এভাবে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে।”

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের বিপুল সংখ্যক সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর