
মহসিন হোসাইন : চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালি শেষে আলোচনা সভায় চাঁদপুর সদর উপজেলার হলরুমে রোববার (৫ অক্টোবর ২০২৫খ্রি.) দুপুর ১২টার দিকে হট্টগোল সৃষ্টি হয়। এসময় সভাস্থলে শিক্ষদের চরম উত্তেজিত ও ক্ষুব্ধ দেখা যায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের উপস্থিতিতেই সভাস্থল হুলুস্থুল পরিস্থিতিতে পরিণত হয়।
চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান। তাঁর বক্তব্যের এক পর্যায়ে “ বিগত দিনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়ম ও বিভিন্ন নিয়োগ-বাণিজ্য এবং তদবিরের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন” বলেন “অযোগ্যরাই জাতীয় প্রেসক্লাবে যায়” এমন বক্তব্যে মুহূর্তের মধ্যে কয়েকজন শিক্ষক হট্টগোল শুরু করেন। পরে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন সকলকে শান্ত করার চেষ্টা করেন। এসময় বক্তব্যে ক্ষুব্ধ হয়ে শিক্ষকরা উত্তেজিত প্রতিক্রিয়া দেখান। জেলা প্রশাসকের উপস্থিতিতেই সভায় এক পর্যায়ে হুলুস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়।
বক্তব্যে অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, চাঁদপুর সরকারি কলেজ বেসরকারী থাকাকালীন পরীক্ষা দিতে আসলে কলিজা কাঁপতো। এখন সরকারি হওয়ার পর কোনো ভয় নাই, কোনো উন্নয়ন নাই, শিক্ষকরা সরাসরি শিক্ষার্থীদের নকল দিচ্ছে। আমি আসার পর শিক্ষকরা বলেন, নকল করলে বহিষ্কার করে দিন। আমি তাই করেছি, এ বছরও ৮০ জনকে প্রমোশন দেইনি।
এক পর্যায়ে উপস্থিত কিছু শিক্ষক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। অধ্যক্ষ আব্দুল মান্নান আরো বলেন, আপনাদের শিক্ষকদের মধ্যেই আদর্শ নেই, তাই শিক্ষার এই অবস্থা।
তার বক্তব্যে আরও উঠে আসে বিতর্কিত মন্তব্য, যেমন নতুন কারিকুলাম সংসদে বসে তৈরি করেছে যারা জাতিকে মূর্খ বানাতে চায় এবং যোগ্য লোক কারা, আমরা তো নিজেরাই যোগ্য নয়। “অযোগ্য ব্যাক্তিরাই প্রেসক্লাবে যায়।”
এই মন্তব্যের পরেই সামনে থাকা অন্তত ১০-১২ জন শিক্ষক সরাসরি প্রতিবাদ জানালে সভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে উত্তেজিত শিক্ষকরা বলেন, আমরা ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়ে চাকরিতে যোগ দিয়েছি। অধ্যক্ষ আমাদের সবাইকে এক কাতারে ফেলে অপমাল করতে পারেন না।
বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যক্ষ মোশাররফ হোসেন বলেন, তিনি আমাদের সিনিয়র, বয়োজ্যেষ্ঠ বলে কিছু কথা বলতেই পারেন। তবে তাঁর ভাষা কিছুটা তীক্ষ্ণ ছিল। এটা আমরা আশা করিনি ঊনার কাছ থেকে।
চাঁদপুর জেলা এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সভাপতি মাহবুবুর রহমান বলেন, অধ্যক্ষ আব্দুল মান্নান বলেছেন, “অযোগ্যরাই প্রেসক্লাবে যায়” এই কথাটা ছিল সবচেয়ে অশালীন ও অগ্রহণযোগ্য। যার কারণেই অন্যান্য শিক্ষকরা উত্তেজিত হয়ে ক্ষোভে ফুঁসছে।
এ বিষয়ে চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, আসলে তিনি বয়োজ্যেষ্ঠ হিসেবে অনেক কথাই বলতে পারেন। তবে কথার মধ্যে কিছুটা একটু জোর ছিল এবং শিক্ষকদেরকে সামগ্রিকভাবে বলা ঠিক হয়নি। তবে অশালীন তেমন কিছুই বলেনি। হয়তো কয়েকজন একটু কষ্ট পেয়েছে। আসলে শিক্ষা ব্যাবস্থার উন্নয়ন তখনি হবে যখন শিক্ষকদের উন্নয়ন ঘটবে। সামন্য বেতনে চাকরিতে এসে শিক্ষকরা যা পায় তা দিয়ে হিমসিম খায়।
এরপর দেখা যায় কিছুদিন পর ভালো আরেকটি চাকরি হলে তখন শিক্ষকতা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। মাঝখানে শিক্ষার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়। এগুলো সরকারের দেখা দরকার বলে তিনি মনে করেন। তবে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের ব্যাপারে তিনি এককভাবে কোনো দোষারোপমূলক বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করেননি।
তবে অধ্যক্ষ আব্দুল মান্নান পরে বলেন, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি বলেছি, আমরা কেউই পারফেক্ট নই, পরিবর্তন প্রয়োজন। তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগ এখন অনেকটাই বাণিজ্যিক হয়ে গেছে। মেধাবী লোকজন শিক্ষকতায় আসছে না, কারণ সিস্টেমটাই দুর্বল।



