
মহসিন হোসাইন: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি।
ইউজিসির সচিব ড. মোঃ ফখরুল ইসলাম স্বাক্ষরিত ৩ অক্টোবর ২০২৫ তারিখে জারি করা ইউজিসি/প্রশা :/১৮৩ (৩)/০৯-১১/২৬৫২ নম্বর স্মারকে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (President’s Order No. 10 of 1973)-এর ৪(১)(সি) ও ৪(৮) ধারার বিধান অনুসারে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৫ অক্টোবর ২০২৫ থেকে এ মনোনয়ন কার্যকর হবে।
ইউজিসি আশা প্রকাশ করেছে, অধ্যাপক ড. পেয়ার আহমেদের অভিজ্ঞতা, মূল্যবান পরামর্শ ও সক্রিয় সহযোগিতা কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।



