
গোলাম সারওয়ার সেলিম : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে প্রতিমা ভাংচুরের নাটক সাজিয়ে মানববন্ধন করেছে ব্রজলাল দেবনাথ গংরা।
সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা ভাংচুরের নাটক সাজিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়রানি করার অসৎ উদ্দেশ্য নিয়ে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সন্মেলন করেন ভুক্তভোগী পরিবার। শনিবার ৪ অক্টোবর বিকেলে মতলব বাজারে সাংবাদিক সম্মেলনটি করেন ভুক্তভোগী শরীফ উল্লার ছোট ভাই আরিফ হোসেন।
লিখিত বক্তব্য তিনি বলেন, মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভার উত্তর বারিগাঁও গ্রামের বারীগাঁও মৌজার ৬২৯ নং খতিয়ানে ৩ নং দাগে ওই গ্রামের ব্রজলাল ও দুলাল দেবনাথের কাছ থেকে সম্প্রতি ঘিলাতলী গ্রামের আমার মামা দেলোয়ার হোসেন তাদের কাছ থেকে ওই দাগের সাড়ে ৪ শতাংশ জায়গা খরিদ করেন। পরবর্তীতে আমার বড় ভাই শরীফ উল্লাহ আমার মামার কাছ থেকে ওই সাড়ে ৪ শতাংশ জায়গা খরিদ করেন। খরিদ করা ৪ শতাংশ জায়গার মধ্যে ৩ শতাংশের মধ্যে একটি সেমিপাকা ঘর উত্তোলন করা হয়।
অবশিষ্ট দেড় শতাংশ জায়গায় বালু দিয়ে ভরাট করতে গেলে ব্রজলাল ও দুলাল চন্দ্র দেবনাথ বাঁধার সৃষ্টি করে এবং তারা নিজেরাই বিক্রয় করা জায়গার মধ্যে বালু ভরাট করার চেষ্টা করে। এ নিয়ে পক্ষদ্বয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। জায়গার খরিদকৃত মালিক শরিফ উল্লাহ ( আমার বড় ভাই) উপায়ন্তর না পেয়ে চাঁদপুর আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরবর্তীতে আদালত ওই জায়গার উপর স্থিতাবস্থা জারি করেন মতলব এবং মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। প্রতিপক্ষ ব্রজলাল ও দুলাল চন্দ্র দেবনাথ গংরা প্রকৃত ঘটনা আড়াল করতে প্রতিমা ভাংচুরের নাটক সাজিয়ে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য বহিরাগত লোকজন দিয়ে মানববন্ধন করেন তারা।
পরবর্তীতে এ বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকতা এবং জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সরেজমিনে এসে প্রতিমা ভাংচুরের কোন সত্যাতা পায়নি। আমাদেরকে জড়িয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও গুজব ছড়ানোর তিব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি।



