চাঁদপুর বিপনীবাগ বাজারে গোস্ত কেনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ : আটক-৩

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে গরুর গোস্তে হাড্ডি ও চর্বি দিয়ে বিক্রি প্রতিবাদে ক্রেতা সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। গতকাল শুক্রবার (৩ অক্টোবর ২০২৫খ্রি.) সন্ধ্যায় হামলা ঘটনা ঘটে। এসময় তিনজনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়।

জানাযায়, ভুক্তভোগী এমদাদ প্রধানীয়া, বয়স সাতষট্টি। তিনি একজন ব্যবসায়ী। ঘটনার দিন তিনি পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে বিপনীবাগ সোহাগ নামের এক কসাইয়ের দোকান থেকে চার কেজি গরুর মাংস কিনতে যান।

দাম ধার্য হয় কেজি প্রতি ৬৫০ টাকা। কিন্তু অভিযোগ ওঠে, মাংসের সাথে গোপনে প্রায় দুই কেজি চর্বি ও হাড় মিশিয়ে দেওয়া হয়। বিষয়টি টের পেয়ে এমদাদ প্রধানীয়া প্রতিবাদ করলে অভিযুক্ত সোহেল তাঁকে ধাক্কা দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ এমদাদের ছেলে ঢাকা উত্তরার মাই টিভির সাংবাদিক শাহজালাল জুয়েল এগিয়ে আসলে, সাগর বকাউল নামে আরেকজন তাঁকে এলোপাতাড়ি মারধর করে। এসময় আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত আক্রমণ চালায়। হামলায় আহাদ নামে এক ব্যক্তি চাপাতির কোপ থেকে বাঁচতে গিয়ে হাত ও মুখে গুরুতর জখম হন। অন্যদিকে রাহিম হোসেনকে ছুরি দিয়ে আঘাত করে তাঁর পিঠে রক্তাক্ত ক্ষত সৃষ্টি করা হয়।

শুধু তাই নয়, পরিবারের নারী সদস্যদের ওপরও হামলা হয়। তাঁদের কিল-ঘুষি মেরে শারীরিক আঘাত করা হয়, এমনকি শ্লীলতাহানির অভিযোগও ওঠে। হামলার সময় এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়, যার মূল্য প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকা। বাজারে উপস্থিত লোকজন চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

তবে আটকরা দাবি করেছে, মাংসে কিছু হাড় থাকায় ক্রেতারা ক্ষুব্ধ হয়ে ঝগড়ায় জড়ান। তাঁরা অভিযোগ করেন, টাকা বা সোনা কেউ নেয়নি। এই ঘটনার পর স্থানীয় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক সাধারণ কেনাকাটা কীভাবে বড় সংঘর্ষে রূপ নেয়, তা দেখে হতবাক মানুষ।

সম্পর্কিত খবর